শুক্রবার ২৪, জুলাই ২০২৬

শুক্রবার ২৪, জুলাই ২০২৬ -- : -- --

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ঢাবিতে মাসব্যাপী কর্মসূচি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধ, জুলাইয়ের চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

এ উপলক্ষে বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসে ‘শ্রদ্ধায়-সম্মানে-স্মরণে জুলাই বিপ্লব’ শীর্ষক আলোচনা সভা, স্মৃতিচারণ, রচনা প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময়, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। সভাপতিত্ব করেন নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসের ওয়ার্ডেন অধ্যাপক ড. সালমা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই নেতৃত্ব দিয়েছে। মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ১৯৯০-এর গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ভবিষ্যতেও শিক্ষার্থীদের দেশ গঠনে নেতৃত্ব দিতে হবে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ, জুলাইয়ের চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ছাত্রী নিবাসের মনোবিজ্ঞানী হাবিবা সুলতানা, বাংলা বিভাগের এমফিল গবেষক সামিয়া সুলতানা, গ্রন্থাগারিক শিউলী বেগম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের গবেষক মিতু আক্তার এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পারমিতা রায় অংশ নেন। তারা কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার, রচনা প্রতিযোগিতা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি প্রজ্বলন, দোয়া মাহফিল এবং বিভিন্ন হল ও বিভাগের বিশেষ আয়োজন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও আবাসিক হল এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।

 
 
Link copied!