প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ১১:৫১ এএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দিনব্যাপী সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। সকালে ‘দেশপ্রেম, মানবতা ও গণজাগরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক সেমিনার এবং পরে নজরুলসংগীত ও নৃত্যআলেখ্য পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর। সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য, মানবতা, স্বাধীনতা ও ধর্মীয় সম্প্রীতিরও কবি। তাঁর সাহিত্য ও দর্শন আজও ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়; এটি গবেষণা, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের কেন্দ্র। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আরও সম্পৃক্ত করতে নজরুল ক্লাব, রবীন্দ্র ক্লাব, বিজ্ঞান ক্লাব ও বিতর্ক ক্লাবের মতো প্ল্যাটফর্মকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, কাজী নজরুল ইসলাম সমাজের বৈষম্য, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর ছিলেন। তাঁর সাহিত্য আজও দেশপ্রেম, মানবতা ও গণজাগরণের অনন্য প্রেরণা হিসেবে বিবেচিত।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন। প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ এবং অধ্যাপক ড. তাসলিমা বেগম। এছাড়া বক্তব্য দেন চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সঙ্গীত বিভাগের সভাপতি মিশকাতুল মমতাজ।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক আয়োজনে প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা নজরুলসংগীত পরিবেশন করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা নজরুলের গান ও নৃত্যআলেখ্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, শিক্ষক, চাকসুর প্রতিনিধি, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
