প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম
সিলেটের এমসি কলেজের বাংলা বিভাগের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ঐকতান সাহিত্য ও সংস্কৃতি সংসদ আয়োজিত ‘বাংলা বিভাগ আন্তঃব্যাচ প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লক মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বাংলা বিভাগের বিভিন্ন ব্যাচের মোট আটটি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মাস্টার্স ব্যাচ জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় অনার্স তৃতীয় বর্ষ।
টুর্নামেন্টকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অংশগ্রহণকারী দলগুলোর পাশাপাশি দর্শকদের সরব উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ বিলাল উদ্দিনসহ বিভাগের শিক্ষকরা অংশগ্রহণকারী শিক্ষার্থী, আয়োজক ও সহযোগীদের ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার্থীকেন্দ্রিক এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
