প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা জানিয়ে ৯ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি, পীরগঞ্জ উপজেলা শাখা।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় পীরগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা এবং সহ-সভাপতি আসাদুজ্জামান মানু।
বাংলাদেশ শিক্ষক সমিতি, পীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও কৃষ্টপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় যুগ্ম আহ্বায়ক ও খনগাঁও বিশ্বাসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্তি রায়, লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে মোট ৯ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের দীর্ঘদিনের শিক্ষা সেবার অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা জানানো হয়।
বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম। অবসর গ্রহণের পরও তাঁদের মর্যাদা, সম্মান ও কল্যাণ নিশ্চিত করা সমাজের দায়িত্ব। শিক্ষক কল্যাণে বাংলাদেশ শিক্ষক সমিতির এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
