প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ২০১৭-১৮ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষায় অসাধারণ একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২৪ জন শিক্ষার্থীকে ডিরেক্টরস অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ, মেডেল ও উত্তরীয় তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, একটি পুরস্কার শুধু সনদ বা মেডেল নয়, এটি একজন শিক্ষার্থীর মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক গবেষণাগার, উন্নত যন্ত্রপাতি ও ব্যবহারিক প্রশিক্ষণ সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, একাডেমিক সাফল্যের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। তিনি ভবিষ্যতে শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে ২০১৭-১৮ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগের মোট ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে ডিরেক্টরস অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়।
