শুক্রবার ২৪, জুলাই ২০২৬

শুক্রবার ২৪, জুলাই ২০২৬ -- : -- --

কুড়িগ্রামে এনসিপির পদযাত্রা: ‘গণভোটের দাবির বিরুদ্ধে বিএনপি’

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেছেন, দেশের ৭০ শতাংশ মানুষের গণভোটের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম শহরে ‘দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা’ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ২০২৪ সালের আন্দোলনে নিহতদের বিচার নিশ্চিত হওয়ার আগেই বিএনপির নেতাকর্মীরা অর্থের বিনিময়ে অভিযুক্তদের ছাড়িয়ে নিচ্ছেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারেরও অভিযোগ তোলেন তিনি।

তিনি আরও বলেন, “আবু সাইদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলেছিলাম। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে।”

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “দেশের অধিকাংশ মানুষের গণভোটের দাবিকে উপেক্ষা করে তারা শেখ হাসিনার সংবিধান ও ভারতীয় স্বার্থ বাস্তবায়নে কাজ করছে। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ছাড়া ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না।”

সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। বাজেট ঢাকা থেকে বগুড়া পর্যন্ত এলেও রংপুর কিংবা কুড়িগ্রামে তার সুফল পৌঁছায় না।” তিনি সীমান্তবর্তী জেলাগুলোতে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং এ বিষয়ে ক্ষমতাসীন দলের কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ তোলেন।

এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, “বিএনপি আগে রাষ্ট্র সংস্কারের কথা বললেও এখন আর সেই অবস্থানে নেই। তারা আগের শাসনব্যবস্থার ধারাবাহিকতাই বজায় রাখতে চায়।”

সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শহরের কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বর থেকে ‘দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা’ শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Link copied!