শুক্রবার ২৪, জুলাই ২০২৬

শুক্রবার ২৪, জুলাই ২০২৬ -- : -- --

আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় নিবন্ধনের পূর্বে যা করতে হবে

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৯:৪০ পিএম

ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় অধিভুক্ত কলেজসমূহকে তাদের স্ব স্ব প্রতিযোগীদের নিবন্ধনপূর্ব  বাছাই কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। 

শারিরীক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ কর্তৃপক্ষ আগ্রহীদের মধ্য হতে বাছাইয়ের মাধ্যমে একক ইভেন্টের জন্য একজন এবং দলীয় ইভেন্টের জন্য নির্দিষ্ট সংখ্যক প্রতিযোগী নির্বাচন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালে লগইন করে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির কাজ সম্পন্ন করতে হবে।

সারাদেশের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সুস্থ বিনোদনের জন্য বর্তমান সরকারের 'লার্নিং উইথ হ্যাপিনেস' অঙ্গীকারের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ‘আন্তঃকলেজ সাংস্কৃতিক, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন করেছে।

সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার জন্য গত ১২ জুলাই থেকে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে। অন্যদিকে, বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সঙ্গে আসা শিক্ষক প্রতিনিধিদের নিবন্ধন কার্যক্রম গত ৯ জুলাই থেকে শুরু হয়েছে, যা ৩০ জুলাই পর্যন্ত চলবে।

দেশজুড়ে এই প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। অংশ নিতে আগ্রহী প্রতিযোগীদের নিজ নিজ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনে আর্থিক বরাদ্দ গ্রহণের জন্য ভেন্যু কলেজসমূহ তাদের স্ব স্ব ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য sports.nu.ac.bd- এ গিয়ে College login করার পর College Bank Details লিংকের মাধ্যমে ৩০ জুলাই ২০২৬ তারিখে মধ্যে প্রেরণ করতে হবে।

আগামী ১ থেকে ৬ আগস্টের মধ্যে প্রতিযোগিতার ফিক্সচার প্রস্তুত করতে হবে। এরপর ৭ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় ও চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের তারিখ পরবর্তীতে জানানো হবে।

ইভেন্টসমূহের মধ্যে রয়েছে- একক বিভাগে দেশাত্মবোধক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, আধুনিক গান, লোকগীতি, আবৃত্তি, অভিনয়, নৃত্য ও উপস্থিত বক্তৃতা। দলীয় বিভাগে গণসংগীত, সৃজনশীল নৃত্য ও বিতর্ক।

ইতোমধ্যে জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে আগামী ২৩ আগস্ট থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত ‘বিভাগীয় পর্যায়ের’ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অ্যাথলেটিক্স ইভেন্টের মধ্যে রয়েছে- ১০০ মিটার স্প্রিন্ট, ২০০ মিটার স্প্রিন্ট, ৪০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার দৌড়, ৫০০০ মিটার দৌড়, ৪×১০০ মিটার রিলে, ৪×৪০০ মিটার রিলে, ১১০/১০০ মিটার হার্ডেলস, শটপুট, ডিসকাস থ্রো, জ্যাভলিন থ্রো, হ্যামার থ্রো, লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্প ও পোলভোল্ট।

দলীয় ইভেন্টের মধ্যে রয়েছে- দাবা: ৪ জনের টিম (একক ও দ্বৈত), সাঁতার: ৮ জনের টিম, বাস্কেটবল: ১২ জনের টিম, ক্যারাম: ৪ জনের টিম (একক ও দ্বৈত), হ্যান্ডবল: ১২ জনের টিম, হকি: ১৬ জনের টিম, ব্যাডমিন্টন: ৪ জনের টিম (একক ও দ্বৈত), কাবাডি: ১২ জনের টিম, ফুটবল: ১৬ জনের টিম, টেবিল টেনিস: ৪ জনের টিম (একক ও দ্বৈত), ভলিবল: ১২ জনের টিম, ক্রিকেট: ১৬ জনের টিম।

এ ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সময়সূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে প্রকাশ করা হবে। প্রতিযোগিতা সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

Link copied!