শুক্রবার ২৪, জুলাই ২০২৬

শুক্রবার ২৪, জুলাই ২০২৬ -- : -- --

বৃক্ষরোপণের মাধ্যমে নিটার সাংবাদিক সমিতির নতুন কমিটির কার্যক্রমের সূচনা

নিটার থেকে সামিহা সামি

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম

নিসাসের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন নিটারের ডিরেক্টর ড. মো. আশেকুল আলম রানা

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) সাংবাদিক সমিতির নবনির্বাচিত পঞ্চম কার্যনির্বাহী পরিষদ প্রতিষ্ঠানের পরিচালক ড. মো. আশেকুল আলম রানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে নতুন কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সংগঠনের কার্যক্রম এবং ক্যাম্পাসে দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নিটারের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, নিটার সাংবাদিক সমিতির মডারেটর ও প্রভাষক প্রসেনজিৎ সেন এবং কো-মডারেটর ও প্রভাষক মো. রেদওয়ানুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির নবনির্বাচিত সভাপতি মিঠুন চন্দ্র দাস মিঠু, সহ-সভাপতি লাবিবা সালওয়া ইসলাম, সাধারণ সম্পাদক সিফার হায়দার শিবিবসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য।

সৌজন্য সাক্ষাৎ শেষে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” মহাকর্মসূচির অংশ হিসেবে নিটার ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আওতায় পাঁচটি ফলদ বৃক্ষ—একটি কদবেল, দুটি থাই পেয়ারা, একটি কুল-বরই ও একটি বারমাসি কাগজি লেবু এবং দুটি শিউলি ফুলের গাছ রোপণ করা হয়।

নতুন কমিটির সদস্যরা জানান, দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Link copied!