মঙ্গলবার ২১, জুলাই ২০২৬

মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ -- : -- --

বিশ্বকাপের ফাইনাল দেখতে বাধা, স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০১:৩২ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে নির্মমভাবে মারধরের অভিযোগে জহির হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, নির্যাতনের শিকার মরিয়ম বেগম (২২) স্বামীর কাছে করুণা প্রার্থনা করলেও মারধর অব্যাহত থাকে। অভিযোগ রয়েছে, এতে তার হাত-পা ভেঙে যায়।

ঘটনার পর বিষয়টি রামগঞ্জ থানা পুলিশের নজরে এলে তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীর নির্দেশনায় এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার রাতে অভিযুক্ত জহির হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার জহির হোসেন উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা ও সব ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Link copied!