প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ১২:৩২ এএম
পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ অর্জন করায় বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান, নদী গবেষক ও পরিবেশকর্মী নদীবন্ধু মো. মনির হোসেনকে সংবর্ধনা দিয়েছে সম্মিলিত পরিবেশবাদী সংগঠনগুলো।
রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের ৪০টির বেশি পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, পরিবেশবিদ, গবেষক, সুশীল সমাজের সদস্য ও তরুণ পরিবেশকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. কামরুজ্জামান মজুমদার এবং হালদা নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুস সালাম বলেন, নদী ও পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। মো. মনির হোসেনের মতো নিবেদিতপ্রাণ ব্যক্তিদের জাতীয় স্বীকৃতি পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীদের আরও অনুপ্রাণিত করবে এবং পরিবেশ সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে উৎসাহিত করবে বলেও উল্লেখ করেন তিনি।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেন, বর্তমান সময়ে নদী ও পরিবেশ নানা সংকটের মুখোমুখি। এ পরিস্থিতিতে মাঠপর্যায়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া একজন পরিবেশকর্মীর জাতীয় স্বীকৃতি দেশের পরিবেশ আন্দোলনের জন্য গৌরবের। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, বাংলাদেশের নদী ও জীববৈচিত্র্য রক্ষায় বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে সামাজিক আন্দোলনের সমন্বয় জরুরি। তিনি মো. মনির হোসেনের দীর্ঘদিনের পরিবেশ ও নদী রক্ষার কার্যক্রমের প্রশংসা করেন এবং তাঁর অর্জনকে দেশের পরিবেশ আন্দোলনের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।
প্রফেসর ড. কামরুজ্জামান মজুমদার বলেন, পরিবেশ শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই টেকসই পরিবর্তন সম্ভব। নদী ও পরিবেশ নিয়ে মো. মনির হোসেনের দীর্ঘদিনের গবেষণা, জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম জাতীয় পরিবেশ পদকের যথার্থ স্বীকৃতি বলে মন্তব্য করেন তিনি।
সংবর্ধিত অতিথি নদীবন্ধু মো. মনির হোসেন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "এই অর্জন আমার একার নয়; এটি বাংলাদেশের প্রতিটি নদী ও পরিবেশকর্মীর অর্জন। এই স্বীকৃতি আমাকে আরও বেশি দায়িত্বশীলভাবে নদী, প্রকৃতি এবং মানুষের অধিকার রক্ষায় কাজ করার শক্তি ও অনুপ্রেরণা দেবে।"
অনুষ্ঠানে সম্মিলিত পরিবেশবাদী সংগঠনগুলোর পক্ষ থেকে মো. মনির হোসেনকে সম্মাননা স্মারক ও পুষ্পস্তবক প্রদান করা হয়। এ সময় উপস্থিত পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, গবেষক, পরিবেশবিদ ও তরুণ প্রতিনিধিরা দেশের নদী, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অংশ নিয়ে OAB Foundation-এর প্রতিনিধিরা পরিবেশ সংরক্ষণ, নদী রক্ষা ও জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টাই একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গঠনের ভিত্তি তৈরি করতে পারে।
