প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। এছাড়া একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ২০ জুলাই দিবাগত রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় খুরেরমুখ চেকপোস্ট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে শীলখালী থেকে টেকনাফগামী একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের অভিযোগে চালক ও এক যাত্রীকে আটক করা হয়।
আটকরা হলেন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামের আব্দুল খালেক এবং সাবরাং ইউনিয়নের হাদুরছড়া গ্রামের আব্দুল আমিন (২২)।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া চোলাই মদ, জব্দকৃত সিএনজি অটোরিকশা ও মোবাইল ফোনসহ আলামতের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক দুই ব্যক্তি ও জব্দকৃত আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
