মঙ্গলবার ২১, জুলাই ২০২৬

মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ -- : -- --

জুলাই পদযাত্রায় কুড়িগ্রামে এনসিপির কেন্দ্রীয় নেতারা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০২:০৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রামে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল (২২ জুলাই) জুলাই পদযাত্রার আয়োজন করেছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জেলা শহরের ফায়ার সার্ভিস মার্কেটে অবস্থিত এনসিপির কুড়িগ্রাম জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া জানান, মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই তাদের মূল লক্ষ্য।

তিনি জানান, আগামীকাল বিকেল ৩টায় অনুষ্ঠিত পদযাত্রায় অংশ নিতে কুড়িগ্রামে আসবেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।

পদযাত্রাটি কলেজ মোড়স্থ জুলাই চত্বর থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বরে পথসভার মাধ্যমে শেষ হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কর্মসূচি সফল করতে জেলা জুড়ে মাইকিং, ব্যানার-ফেস্টুন প্রদর্শন, মোটরসাইকেল শোভাযাত্রা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসময় জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভীন এবং যুব শক্তির আহ্বায়ক এম. মাসুদুর রহমানসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

 
 
Link copied!