প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ১২:০৬ এএম
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘কেমিস্ট্রি স্পোর্টস ফেস্ট-২০২৬’। শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও দলগত সম্প্রীতি জোরদারের লক্ষ্যে কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের স্পোর্টস ফেস্টে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সাতটি দল অংশ নিচ্ছে। চার দিনব্যাপী আয়োজনে বিভিন্ন খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে দলগুলো। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার হবে বলে আশা করছেন আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আয়োজকরা উৎসবমুখর পরিবেশে সফল ও প্রতিযোগিতামূলক একটি ক্রীড়া আয়োজন সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে, ‘কেমিস্ট্রি স্পোর্টস ফেস্ট-২০২৬’-এর মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি, সিলেট’। সংগঠনটি আয়োজনের বিভিন্ন কার্যক্রম ও প্রতিযোগিতার সংবাদ এবং তথ্য নিয়মিতভাবে প্রচার করবে।
চার দিনব্যাপী এই ক্রীড়া উৎসবকে কেন্দ্র করে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পুরো আয়োজন ঘিরে কলেজ ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
