মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ১২:০৯ পিএম
রবিবার ১২, জুলাই ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
শিক্ষার্থীদের কর্পোরেট খাতের সঙ্গে সংযুক্ত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে দুই দিনব্যাপী ১১তম আরসিএফ ক্যারিয়ার ফেয়ার। রুয়েট ক্যারিয়ার ফোরামের (আরসিএফ) আয়োজনে শুক্রবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। শনিবার (১১ জুলাই) এর সমাপনী অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা ও বাস্তব কর্মজীবনের মধ্যে কার্যকর সেতুবন্ধ তৈরি করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা কর্পোরেট সংস্কৃতি, চাকরির বাজারের চাহিদা এবং পেশাগত দক্ষতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। তিনি এ উদ্যোগের জন্য রুয়েট ক্যারিয়ার ফোরাম এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ভূয়সী প্রশংসা করেন।
এবারের ক্যারিয়ার ফেয়ারে দেশের বিভিন্ন শীর্ষ শিল্প ও কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে ওয়ালটন, বিএসআরএম, প্রাণ গ্রুপ, আরএফএল গ্রুপ, এমজিআই, নাভানা, ইকোলজিক্স লিমিটেড, অরবিটাল, সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেন্টরস এবং নেক্সটজেন সিভিল। এছাড়া এভিয়ান বিপিও অ্যান্ড আইটি টাইটেল স্পন্সর, যমুনা টেলিভিশন ও রুয়েট রিপোর্টার্স ইউনিটি মিডিয়া পার্টনার, মাজার হবি ইলেকট্রনিক্স টেকনিক্যাল পার্টনার, রাইজ গেমিং পার্টনার এবং টেস্টি ট্রিট ফুড পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।
মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানে আবেদন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগও রাখা হয়েছে।
আয়োজনের অংশ হিসেবে ২০২৪–২৫ ও ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ট্রেজার হান্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘ব্যালেন্স বল রান’ ও ‘রিচ দ্য গোল’সহ বিভিন্ন গেমে অংশ নেন শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় সেরা ১০ জনকে পুরস্কৃত করার পাশাপাশি রুয়েট ক্যারিয়ার ফোরামের সদস্যপদ দেওয়া হয়।
দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিসিএসবিষয়ক ক্যারিয়ার সেমিনার। বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে বক্তা হিসেবে অংশ নেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ৪৫তম বিসিএস (প্রশাসন ক্যাডার)-এ সুপারিশপ্রাপ্ত মো. রাইসুর রহমান রাব্বি, যন্ত্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী ও ৪৬তম বিসিএস (রেলওয়ে ক্যাডার)-এ সুপারিশপ্রাপ্ত মো. হাসিবুল হাসান সিফাত এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও ৪৭তম বিসিএস (পুলিশ ক্যাডার)-এ সুপারিশপ্রাপ্ত রিফাত হুসাইন আকন্দ পুলক।
সেমিনারে বক্তারা বিসিএস প্রস্তুতির কৌশল, সময় ব্যবস্থাপনা, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি এবং সরকারি চাকরিতে সফল হওয়ার অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। পরে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
আয়োজকরা জানান, মেলার দ্বিতীয় ও শেষ দিনেও বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রম, সিভি সংগ্রহ, কর্পোরেট ইন্টারঅ্যাকশন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন চলবে। তাদের আশা, এ ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের দক্ষতা ও সম্ভাবনাকে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানগুলোর সামনে তুলে ধরার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।