প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ১১:২২ এএম
নাইজেরিয়ার লেক চাদ হ্রদ অববাহিকা অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নেওয়া অধিকাংশ মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, গোয়েন্দা তথ্য বিনিময় এবং নিরাপত্তা সহযোগিতার কার্যক্রম আগের মতোই চালু থাকবে।
গত বৃহস্পতিবার আফ্রিকান চিফস অব ডিফেন্স কনফারেন্স শেষে এক অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান ইউএস এয়ার ফোর্সেস ইন ইউরোপ-এয়ার ফোর্সেস আফ্রিকার কমান্ডার জেনারেল ড্যাগভিন আর. এম. অ্যান্ডারসন।
তিনি বলেন, নির্ধারিত অভিযানের মূল লক্ষ্য ইতোমধ্যে অর্জিত হওয়ায় সেখানে মোতায়েন করা বেশিরভাগ মার্কিন সেনা নাইজেরিয়া ত্যাগ করেছে। তবে নাইজেরিয়ার অনুরোধে সন্ত্রাস দমনে গোয়েন্দা সহায়তা ও প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে।
অ্যান্ডারসনের ভাষায়, ‘আমরা মোতায়েন করা সেনাদের বড় একটি অংশ সরিয়ে নিয়েছি, কিন্তু অংশীদার দেশ হিসেবে নাইজেরিয়ার সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং জটিল অভিযানে সহায়তা চলবে।’
তিনি আরও জানান, এই যৌথ অভিযানের মাধ্যমে শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বৈশ্বিক পর্যায়েও আইএস নেটওয়ার্ক দুর্বল করতে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
নাইজেরিয়াকে সক্ষম একটি নিরাপত্তা অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশটির অর্থনীতি, মানবসম্পদ ও সামরিক সক্ষমতা যথেষ্ট শক্তিশালী। দুই দেশের সমন্বিত প্রচেষ্টায় আইএসবিরোধী লড়াইয়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা গোয়েন্দা তথ্য এবং নাইজেরিয়ার সামরিক অভিযানের সমন্বয়ে আন্তর্জাতিক আইএস নেটওয়ার্কের দ্বিতীয় শীর্ষ পর্যায়ের এক নেতাকে লক্ষ্য করে সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে।
ভবিষ্যতেও অংশীদার দেশগুলোর সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র বিশেষায়িত সহায়তা ও গোয়েন্দা সহায়তা প্রদান অব্যাহত রাখবে বলে জানান তিনি।
একই সঙ্গে আফ্রিকার দেশগুলোকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ, অবৈধ পাচার এবং নিরাপত্তা হুমকি মোকাবিলায় আরও ঘনিষ্ঠভাবে তথ্য আদান-প্রদানের আহ্বান জানান এই মার্কিন সামরিক কর্মকর্তা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রায় ২০০ মার্কিন সেনা নাইজেরিয়ায় মোতায়েন করা হয়েছিল। তাদের মূল কাজ ছিল লেক চাদ অববাহিকায় গোয়েন্দা নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়তা করা।
এই অঞ্চলে সক্রিয় রয়েছে আইএসের পশ্চিম আফ্রিকা শাখা এবং বোকো হারামে যারা নিয়মিতভাবে সহিংস হামলা চালিয়ে আসছে।
লেক চাদ অঞ্চলটি নাইজেরিয়া, নাইজার, চাদ এবং ক্যামেরুনজুড়ে বিস্তৃত। এই এলাকায় দীর্ঘদিন ধরে চলা জঙ্গি সহিংসতায় হাজারো মানুষের প্রাণহানি হয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে বিভিন্ন মানবিক সংস্থা জানিয়েছে।
তথ্যসূত্র: দ্য হিল/ আনাদোলু এজেন্সি
