শনিবার ০৪, জুলাই ২০২৬

শনিবার ০৪, জুলাই ২০২৬ -- : -- --

জাতীয় ক্রীড়া পরিষদে ৯ থেকে ২০ গ্রেডে চাকরির সুযোগ, আবেদন ৩০ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ১০:১৯ পিএম

জাতীয় ক্রীড়া পরিষদে ৯ থেকে ২০ গ্রেডে চাকরির সুযোগ, আবেদন ৩০ জুলাই পর্যন্ত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) রাজস্ব খাতভুক্ত ৯ম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১৪টি ক্যাটাগরিতে ৪৯টি শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশাসক (ধানমন্ডি অঞ্চল) ও সহকারী স্থপতি পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। এ দুটি পদ ৯ম গ্রেডভুক্ত, যেখানে মাসিক বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

সবচেয়ে বেশি নিয়োগ হবে প্রশিক্ষক পদে। এই ক্যাটাগরিতে মোট ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৮ জন, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/যান্ত্রিক) পদে ৪ জন এবং উপসহকারী প্রকৌশলী (ডিপ্লোমা স্থপতি) পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদ ১০ম গ্রেডভুক্ত এবং বেতন স্কেল ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা। 

এ ছাড়া সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার, গ্রন্থাগারিক, রিপোর্টার, ইনস্ট্রাক্ট্রেস, সার্ভেয়ার, কার্যসহকারী, সহকারী স্যানিটারি ইন্সপেক্টর ও মালি পদেও জনবল নেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ১ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন ফি পদের ভিত্তিতে আলাদা নির্ধারণ করা হয়েছে।

১ থেকে ৮ নম্বর পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা, ৯ ও ১০ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ১১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১২ থেকে ১৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ) নির্ধারণ করা হয়েছে।

আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে। অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়ার শেষ সময় ৩০ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য এটি হতে পারে ক্রীড়া প্রশাসনে যুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

Link copied!