শনিবার ০৪, জুলাই ২০২৬

শনিবার ০৪, জুলাই ২০২৬ -- : -- --

মদ্যপান করে বিদ্যালয়ের অফিসে বসে প্রধান শিক্ষকের মাতলামি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৬ এএম

প্রধান শিক্ষকের অস্বাভাবিক আচরণ © সংগৃহীত

শাহজাদপুরের একটি বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষকের অফিস কক্ষে মদ্যপান অবস্থায় অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

অভিযোগ অনুযায়ী, শাহজাদপুরের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বৃহস্পতিবার সকালে মদ্যপ অবস্থায় বিদ্যালয়ে আসেন। এরপর তিনি নিজ কার্যালয়ে বসে উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি ও মাতলামি করতে থাকেন।

ঘটনার সময় বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। প্রধান শিক্ষকের এমন আচরণে শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিদ্যালয়ের শিক্ষকরা তার পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন বিদ্যালয়ে এসে তাকে টালমাটাল অবস্থায় সেখান থেকে বাড়িতে নিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, এটি প্রথম ঘটনা নয়। এর আগেও তিনি বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কার্যালয়ে বসেই মদ্যপান এবং অস্বাভাবিক আচরণ করেছেন। তবে তার প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পান না বলেও অভিযোগ রয়েছে।

জানতে চাইলে প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, আমি বাইরে থেকে মদ্যপান করে বিদ্যালয়ে একটি কাগজ নেওয়ার জন্য গিয়েছিলাম। তখন কিছুটা মাতলামি হয়েছে। পরে আমার বড় ভাই আমিনুল ইসলাম ও ছোট ভাই নুরুল ইসলাম আমাকে বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় আমাকে শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আমি ৩ কার্যদিবসের মধ্যেই জবাব দেব। 

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইদুল ইসলাম শেখ জানান, বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।

Link copied!