বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ -- : -- --

জন্মদিনে শৈশবের উপহারের স্মৃতি শোনালেন জয়া আহসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০৯:১৫ পিএম

জন্মদিনে শৈশবের উপহারের স্মৃতি শোনালেন জয়া আহসান

জন্মদিন মানেই বিশেষ মুহূর্ত, ভালোবাসা আর অগণিত শুভেচ্ছা। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। প্রতি বছরের মতো এবারও তাঁর জন্মদিনে শুভেচ্ছা ও উপহারে ভরিয়ে দিয়েছেন ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তবে এবারের জন্মদিনে জয়া ফিরে গেলেন শৈশবের স্মৃতিতে—মনে করলেন জীবনের সবচেয়ে প্রিয় জন্মদিনের উপহারের কথা।

বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। পরিচালক কৌশিক গাঙ্গুলীর এই ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করলেও জন্মদিনে ভালোবাসার বার্তা পেয়েছেন সহকর্মী, বন্ধু এবং বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই অভিনেত্রী।

জয়া জানান, জীবনে অনেক উপহার পেলেও ছোটবেলার একটি উপহারই এখনো তাঁর কাছে সবচেয়ে আবেগঘন। সেই স্মৃতি মনে করে তিনি বলেন, ‘একদম ছোটবেলায়, আমার বয়স খুব সম্ভবত পাঁচ বছর হবে। তখন কলাবাগানে থাকতাম। নানুবাড়ির নিচতলায় ভাড়াটে একটি পরিবারের শম্পা নামের মেয়ের সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল। জন্মদিনে সে আমাকে একটি উপহার দিয়েছিল। মাঝারি আকারের খুব সুন্দর একটি মাটির চুলা। কী যে খুশি হয়েছিলাম, বলে বোঝাতে পারব না। অতটা খুশি আমি আজ পর্যন্ত কোনো কিছুতেই হইনি।’ 

শৈশবের সেই বন্ধুর সঙ্গে সময়ের ব্যবধানে যোগাযোগ হারিয়ে গেলেও উপহারটির স্মৃতি এখনো জয়ার মনে অমলিন। তাঁর ভাষায়, ছোট্ট সেই মাটির চুলাটি শুধু একটি খেলনা ছিল না, বরং ছিল নিখাদ ভালোবাসার প্রতীক।

জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনেক সহশিল্পী ও অনুরাগীরা। কেউ শেয়ার করেছেন স্মৃতিময় ছবি, কেউবা অভিনয়ের বিভিন্ন মুহূর্তের ভিডিও ক্লিপ। অভিনেতা চঞ্চল চৌধুরীও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।

পেশাগত ব্যস্ততার মধ্যেও ব্যক্তিগত স্মৃতির এই আবেগঘন গল্পে আবারও ভক্তদের হৃদয়ে নতুনভাবে জায়গা করে নিলেন জয়া আহসান।

Link copied!