নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০৮:২৪ এএম
বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন ২০২৬) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সকালে নোবিপ্রবি পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে র্যালি অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ব পরিবেশ দিবসে আমরা পরিবেশ সংরক্ষণে যে পদক্ষেপগুলো নিয়ে থাকি তা নিয়ে আলোচনা করি এবং সেগুলোর প্রেক্ষিতে পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের চেষ্টা করি। পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরা এবং পরিবেশ সম্পর্কে সকলের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের আয়োজনের গুরুত্ব রয়েছে।
এ সময় তিনি ক্যাম্পাসকে একটি গ্রীণ ক্যাম্পাসে পরিণত করতে প্লাস্টিক পণ্য বর্জনের পাশাপাশি বেশি করে গাছ লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি আরও উল্লেখ করেন, আগামী ৫০ বছরের জন্য আমরা নোবিপ্রবির একটি মাস্টার প্ল্যান তৈরিতে কাজ করছি, সেখানে পরিবেশ বান্ধব ক্যাম্পাস নিশ্চিতে সৌরবিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ, বর্জ্যমুক্ত পরিবেশ এবং পরিকল্পিত বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। আমরা আর্সেনিক মুক্ত পানির জন্য জাইকার সঙ্গে একটি প্রজেক্ট বাস্তবায়নে অগ্রসর হচ্ছি, যা বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের সুপেয় পানির সংকট নিরসন হবে বলে আশা করা যায়।
আলোচনা সভায় অন্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান ও নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি। পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছর ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। তারই অংশ হিসেবে নোবিপ্রবিতে আজ এই কর্মসূচি পালিত হয়।