প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০৮:৩২ এএম
পরিবেশ সংরক্ষণ, প্রকৃতিপ্রেম এবং নান্দনিক ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও বিজ্ঞান ভবন-সংলগ্ন এলাকায় একটি লাল তেঁতুল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
এই কর্মসূচি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আগামী পাঁচ বছরে (২০২৬–২০৩০) ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন,"জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমরা পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। বিশেষজ্ঞদের পরামর্শে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর উপযুক্ত স্থান নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী বৃক্ষরোপণ করা হলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরও সুন্দর ও সবুজ হবে এবং ভবিষ্যতে গাছ কাটার প্রয়োজনও কমে আসবে।"*
কর্মসূচির আওতায় লাল তেঁতুল, পলাশ, পারুল ও রক্তচন্দন সহ বিভিন্ন বিরল ও দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারিক মনজুর, অধ্যাপক ড. তারানা নুপুর, অধ্যাপক ড. ফারহানা শাহরীন, অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, ড. তানিয়া আক্তার, গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
