হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়
প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ০৮:৫৯ এএম
বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো ‘International Congress on Biomedical Intelligence, AI Innovation and Sustainable Emerging Technologies (ICBISET-2026)’ শীর্ষক আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের কনফারেন্স কক্ষে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান ও অফলাইন পর্ব অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে IEEE Computer Society HSTU Student Branch Chapter।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং IEEE Computer Society Bangladesh Chapter-এর সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সোহেল রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জামীল সুলতান এবং একই অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক, IEEE Computer Society Bangladesh Chapter-এর রংপুর বিভাগীয় সমন্বয়ক, IEEE Computer Society HSTU Student Branch Chapter-এর উপদেষ্টা এবং IEEE-এর সিনিয়র সদস্য ড. তানজিলা সুলতানা।
গবেষণা ও উদ্ভাবনে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল হক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বায়োমেডিক্যাল ইন্টেলিজেন্স এবং টেকসই উদীয়মান প্রযুক্তি ভবিষ্যতের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের আন্তর্জাতিক কংগ্রেস কার্যকর ভূমিকা পালন করবে।
তিনি বলেন, হাবিপ্রবি গবেষণামুখী বিশ্ববিদ্যালয় হিসেবে আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই কংগ্রেসের মাধ্যমে অর্জিত গবেষণা ও জ্ঞান স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, শিল্প এবং টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এ আয়োজনের জন্য IEEE Computer Society HSTU Student Branch Chapter-এর সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান উপাচার্য।
আরও আন্তর্জাতিক আয়োজনের পরিকল্পনা
সভাপতির বক্তব্যে ড. তানজিলা সুলতানা জানান, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে IEEE CS HSTU Student Branch Chapter-এর উদ্যোগে আরও বড় পরিসরে একটি আন্তর্জাতিক কনফারেন্স বা সিম্পোজিয়ামের আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অনলাইন পর্বে পাঁচ দেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণ
কংগ্রেসের দ্বিতীয় পর্ব একই দিন সন্ধ্যা ৭টা থেকে অনলাইনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়াসহ পাঁচটি দেশের খ্যাতিমান বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও অধ্যাপকরা সমসাময়িক প্রযুক্তি বিষয়ে মূল প্রবন্ধ (Keynote) উপস্থাপন করবেন।
অনলাইন পর্বে বক্তব্য রাখবেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অধ্যাপক এবং IEEE Computer Society Bangladesh Chapter-এর চেয়ারম্যান ড. মো. ওবায়দুর রহমান, মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি-এর সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন, যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি-এর গবেষণা সহযোগী ড. মো. আল আমিন, দক্ষিণ কোরিয়ার Korea Advanced Institute of Science and Technology (KAIST)-এর পোস্টডক্টরাল গবেষক ড. ইরফান উল্লাহ এবং জার্মানির পাডারবর্ন ইউনিভার্সিটি-এর গবেষণা সহযোগী ও পিএইচডি গবেষক উমাইর কুদ্দুস।
দিনব্যাপী এ আন্তর্জাতিক কংগ্রেসের অফলাইন পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রযুক্তিবিদরা অংশ নেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণে গবেষণাপত্র উপস্থাপন, প্রযুক্তিভিত্তিক আলোচনা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে কংগ্রেসটি সফলভাবে সম্পন্ন হবে।