প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০২:০৯ পিএম
ডান হাতের আঙুলে চোটের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ধীরে ধীরে ফিরছেন স্বাভাবিক ছন্দে। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তার ফিটনেস নিয়ে আশাবাদী আর্জেন্টিনা শিবির।
ইউরোপা লিগের ফাইনালের আগে আঙুলে চিড় ধরার পর থেকেই চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। সাম্প্রতিক অনুশীলনে তাকে সক্রিয় দেখা গেলেও ডান হাতের ব্যবহার নিয়ে এখনো বাড়তি সতর্কতা বজায় রাখছেন তিনি।
অনুশীলনে মাটিতে ঝাঁপ দেওয়ার পর উঠে দাঁড়ানোর সময় মার্তিনেজকে বেশিরভাগ চাপ বাম হাতের ওপর দিতে দেখা যায়। এমনকি ডান দিকে ঝাঁপ দেওয়ার পরও নিজের ভারসাম্য ফেরাতে বাম হাতকেই বেশি কাজে লাগিয়েছেন তিনি। এতে বোঝা যায়, চোটের জায়গাটি পুরোপুরি ঝুঁকিমুক্ত না হওয়ায় তিনি সতর্কভাবে এগোচ্ছেন।
তবে দলের ভেতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তার পুনর্বাসন পরিকল্পনা ইতিবাচকভাবেই এগোচ্ছে। আগামী মঙ্গলবার কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজকে দেখা যাওয়ার সম্ভাবনাই এখন বেশি।
অনুশীলন শেষে জিমে যাওয়ার পথে সাংবাদিকদের উদ্দেশে মার্তিনেজ বলেন, “সব ঠিক আছে।” এরপর ‘থাম্বস আপ’ দিয়ে নিজের শারীরিক অবস্থার ইতিবাচক ইঙ্গিত দেন। মজা করে যোগ করেন, “আমার কাছে বিশ্বের সেরা ফিজিও আছে।”
