শুক্রবার ১২, জুন ২০২৬

শুক্রবার ১২, জুন ২০২৬ -- : -- --

বিশ্বকাপ উপলক্ষে টাঙ্গাইল কারাগারে ৫ টেলিভিশন দিলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১২:৪২ এএম

সংগৃহীত ছবি

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে কারাবন্দীদের বিনোদনের সুযোগ সম্প্রসারণে টাঙ্গাইল জেলা কারাগারে পাঁচটি ৩২ ইঞ্চি টেলিভিশন প্রদান করেছেন জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক।

বুধবার (১০ জুন) দুপুরে জেলা কারাগারে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেল সুপার মো. আনোয়ার হোসেনের কাছে টেলিভিশনগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে কেন্দ্র করে যখন সারা বিশ্বে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, তখন কারাগারের বন্দীদেরও সেই আনন্দে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, “কারাগারের মোট ১৮টি ওয়ার্ডের মধ্যে আগে থেকেই ১৩টিতে টেলিভিশন চালু ছিল। বন্দীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাকি ওয়ার্ডগুলোর জন্য নতুন করে আরও পাঁচটি টেলিভিশন সংযোজন করা হলো।” তিনি আশা প্রকাশ করেন, “এতে বিশ্বকাপ চলাকালে বন্দীদের বিনোদন যেমন বাড়বে, তেমনি কারাগারের অভ্যন্তরীণ পরিবেশ আরও শৃঙ্খলাপূর্ণ থাকবে।”

জেলা প্রশাসক শরীফা হক বলেন, “নিয়মিত পরিদর্শনের সময় বন্দীরা বিশ্বকাপ খেলা দেখার ব্যবস্থা করার অনুরোধ করেছিলেন।” তিনি বলেন, “সাধারণ নাগরিকদের মতো কারাবন্দীরাও এই বৈশ্বিক উৎসব উপভোগের অধিকার রাখেন—এই বিবেচনায়ই টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে।”

সংশ্লিষ্টরা জানান, নতুন পাঁচটি টেলিভিশন সংযোজনের ফলে কারাগারের সব ওয়ার্ডেই এখন খেলা ও অন্যান্য শিক্ষামূলক অনুষ্ঠান দেখার সুযোগ সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে বন্দীদের মানসিক প্রশান্তি ও ইতিবাচক বিনোদন নিশ্চিত হবে বলে মনে করছেন কারা কর্তৃপক্ষ।

Link copied!