শনিবার ১৩, জুন ২০২৬

শনিবার ১৩, জুন ২০২৬ -- : -- --

দুই সপ্তাহের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন রাবিপ্রবি উপাচার্য

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৯:৫২ পিএম

রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী

উচ্চশিক্ষা ব্যবস্থাপনার আধুনিক চর্চা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে দুই সপ্তাহের সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

শুক্রবার (১২ জুন) মধ্যরাতে বাংলাদেশের ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদলের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। সফরকালে প্রতিনিধি দলটি দেশটির বিভিন্ন খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মশালা, মতবিনিময় সভা ও দলীয় আলোচনায় অংশ নেবে।

সফরসূচি অনুযায়ী, প্রতিনিধি দলটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, মোনাস বিশ্ববিদ্যালয়, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস এবং ইউনিভার্সিটি অব উলংগংসহ বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিদর্শন করবে। এসব প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা ব্যবস্থাপনা, একাডেমিক নেতৃত্ব, গবেষণা সহযোগিতা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

এ সময় রাবিপ্রবি উপাচার্য উচ্চশিক্ষার মানোন্নয়ন, কার্যকর প্রশাসন, শিক্ষা ব্যবস্থাপনার উৎকর্ষতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় সংক্রান্ত বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন। পাশাপাশি অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা খাতে অনুসৃত সফল মডেল ও উত্তম অনুশীলন সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করবেন।

এ বিষয়ে রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী জানান, “এই সফরে বিভিন্ন সেশনে অস্ট্রেলিয়ার মাল্টি কালচারালিজম (বহুসাংস্কৃতিকতা) এর সাথে পরিচিতি, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোত্তম কর্মপদ্ধতি, প্রশাসন, নেতৃত্ব, সম্পদ ব্যবস্থাপনা, পারস্পরিক অংশীদারিত্ব, সহযোগিতা, গবেষণা, ইনোভেশন (উদ্ভাবন), টিচিং এন্ড লার্নিং, বৈচিত্র্যতা ও সামাজিক অন্তর্ভুক্তি, টেকসই উন্নয়ন কর্মসূচি, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়, আন্তর্জাতিক সংযোগ ও নেটওয়ার্ক তৈরি, অস্ট্রেলিয়ান ক্যাম্পাস লাইফ ও সংস্কৃতি, বন্যপ্রাণী সংরক্ষণ, তথ্যপ্রযুক্তি, জেনারেটিভ এআই এবং অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়সমূহের সামগ্রিক শিক্ষাদান প্রক্রিয়া ও অগ্রাধিকার ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন সম্পর্কে আলোকপাত করা হবে যা রাবিপ্রবি তথা বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক উৎকর্ষতা সাধনে সহায়ক ভুমিকা পালন করবে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ সফরের মাধ্যমে অংশগ্রহণকারী উপাচার্যরা আন্তর্জাতিক উচ্চশিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রশাসনিক উন্নয়নে তা প্রয়োগের সুযোগ পাবেন।

Link copied!