শনিবার ১৩, জুন ২০২৬

শনিবার ১৩, জুন ২০২৬ -- : -- --

চবিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন  

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৮:৩৭ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে "জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন ২০২৬)  সকাল ১০.৩০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইনস্টিটিউট ভবনে এসে শেষ হয়। পরবর্তীতে সকাল ১১টায় ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এক আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মানবসৃষ্ট নানা কারণে জলবায়ুর নেতিবাচক পরিবর্তন হয়েছে। একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে হলে আমাদের দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত গবেষণায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজন তরুণ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন দিকনির্দেশনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের নির্বাহী সহ-সভাপতি এবং আঞ্চলিক প্রধান জনাব মো. ছালামত উল্লাহ এবং টি.কে. গ্রুপ, চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক জনাব মো. তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস-এর সহযোগী অধ্যাপক ড. ম. আ. আউয়াল আল মামুন। আলোচনায় অংশ নেন ইনস্টিটিউটের সম্মানিত প্রফেসর ড. মোহাম্মদ শফিউল আলম এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জনাব জমির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ, গবেষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও টি.কে. গ্রুপের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

Link copied!