প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৮:২৫ এএম
গতকাল বৃহস্পতিবার খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ‘আন্ডারগ্রেড রিসার্চ: আইডিয়াস অ্যান্ড অপরচুনিটিজ ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন শিক্ষাদানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ গবেষণা। এ লক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম জোরদার তথা শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী করার জন্য নিয়মিতভাবে বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির খ্যাতনামা শিক্ষক-গবেষক কী নোট স্পিকার থাকায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি তাঁেক আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও একই বিশ্ববিদ্যালয়ের আরও একজন শিক্ষক ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী গবেষক উপস্থিত থাকায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকেও শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির স্কুল অব ম্যাথমেটিক্যাল এন্ড স্ট্যাটিসটিক্যাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. ফিরোজ ফিরোজ্জামান। তিনি স্নাতক পর্যায়ে গবেষণার গুরুত্ব, গবেষণার বিভিন্ন সুযোগ, আন্তর্জাতিক উচ্চশিক্ষায় গবেষণার ভূমিকা এবং শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত হওয়ার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির একই ফ্যাকল্টির শিক্ষক মিসেস শারমীন করিম এবং এআই এর উপর পিএইচডি ডিগ্রিধারী আমেরিকান এক্সপ্রেসে নির্বাহী মাহাবুব কবির।
সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার। সভাপতির বক্তব্যে তিনি গবেষণাভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।
সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ মুঈন উদ্দিন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, সিনিয়র ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এই সেমিনারটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গবেষণামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।
