শুক্রবার ১২, জুন ২০২৬

শুক্রবার ১২, জুন ২০২৬ -- : -- --

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল কিনিয়োনেসের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০২:৩৪ এএম

সংগৃহীত ছবি

উত্তর আমেরিকার মাটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা ওঠে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসরের।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে টুর্নামেন্টের প্রথম গোলটি আসে স্বাগতিকদের পক্ষে। ম্যাচের ৯ মিনিটে জালের দেখা পান মেক্সিকোর ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস, যার গোলে শুরুতেই এগিয়ে যায় দলটি।

৩৯ দিনব্যাপী চলতে থাকা এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮টি দল। নতুন ফরম্যাটে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় ৪০টি বেশি।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—যৌথভাবে আসরটির আয়োজন করছে।

ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে সঙ্গীত পরিবেশন করেন বিশ্বখ্যাত কলম্বিয়ান শিল্পী শাকিরা। এছাড়া জে বালভিন ও দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলাও অংশ নেন।

এবারের আসরের ‘এ’ গ্রুপে রয়েছে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, চেকিয়া ও দক্ষিণ কোরিয়া।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি পরবর্তী পর্বে উন্নীত হবে। পাশাপাশি ১২টি গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও শেষ ৩২-এর নতুন পর্বে খেলার সুযোগ পাবে।

দুই দলের মধ্যে এটি হবে পঞ্চম সাক্ষাৎ। আগের চার ম্যাচে মেক্সিকো জিতেছে দুটি, দক্ষিণ আফ্রিকা একটি এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

সবশেষ দেখা হয়েছিল ২০১০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। সেদিন দক্ষিণ আফ্রিকার সিফিওয়ে শাবালালার দুর্দান্ত গোলে এগিয়ে গেলেও পরে সমতা ফেরান রাফায়েল মার্কেস। ফলে ম্যাচটি ১-১ গোলে শেষ হয়।

Link copied!