প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১১:০৫ পিএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) একযোগে তিনটি অনুষদের ডিন এবং একটি ইনস্টিটিউটের পরিচালক নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. তামজিদ হোসাইন চৌধুরীর স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব নিয়োগের বিষয়টি জানানো হয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন— আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম, বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন হিসেবে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার এবং শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) হিসেবে আইসিই বিভাগের অধ্যাপক ড. আবিদুর রহমান।
এছাড়া ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ইএসডিএম বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সালাম।
অফিস আদেশ অনুযায়ী, বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন হিসেবে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। অন্যদিকে আইন অনুষদের ডিন, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের পরিচালকের নিয়োগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ নিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
