শনিবার ১৩, জুন ২০২৬

শনিবার ১৩, জুন ২০২৬ -- : -- --

জ্বালানি সংকট কাটিয়ে আগামীকাল থেকে চালু হচ্ছে রুয়েটের সব বাস ট্রিপ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৪:৫৪ পিএম

সংগৃহীত ছবি

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে সীমিত পরিসরে পরিচালিত হওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস সেবা আবারও পূর্ণাঙ্গভাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ জুন (শনিবার) থেকে পূর্বের সময়সূচি অনুসারে সব বাস ট্রিপ পরিচালিত হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের যাতায়াতজনিত দুর্ভোগ কমাতে এবং স্বাভাবিক পরিবহন ব্যবস্থা ফিরিয়ে আনতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রুয়েট পরিবহন শাখার প্রশাসক অধ্যাপক মো. ওয়াহেদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের অসুবিধা লাঘবে এবং উপাচার্য স্যারের নির্দেশে আগামীকাল থেকে পূর্বের ন্যায় বাস ট্রিপসমূহ চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও নারী শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি বিবেচনা করে কিছুদিন আগেই মেয়েদের হলের ট্রিপসমূহ চালু করা হয়েছিল।”

এর আগে জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সকাল ৮টা এবং দুপুর ১টা ২০ মিনিটের ট্রিপ ব্যতীত অন্যান্য বাস চলাচল সাময়িকভাবে স্থগিত রাখে। ফলে প্রতিদিন বাসনির্ভর বিপুল সংখ্যক শিক্ষার্থীকে যাতায়াতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়।

বিশেষ করে বিকেলের তিনটি ট্রিপ বন্ধ থাকায় ক্লাস শেষে আবাসিক এলাকা ও শহরের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী শিক্ষার্থীদের বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হয়েছে। এতে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়েছে বলে জানা যায়।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নির্দেশনায় পুনরায় সব বাস ট্রিপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।

Link copied!