শনিবার ১৩, জুন ২০২৬

শনিবার ১৩, জুন ২০২৬ -- : -- --

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ২০ শিক্ষার্থী অসুস্থ, মিলছে না চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবা

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৫:০৬ পিএম

সংগৃহীত ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসে গত তিন দিনে ২০ জনেরও বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। জ্বর, মাথাব্যথা, বমি, ডায়রিয়া ও শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে একাধিক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হলেও ক্যাম্পাসে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একাডেমিক ফিল্ড ট্রিপ শেষে সিলেট থেকে ফেরার পর থেকেই ওই ব্যাচের অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে এবং বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেডিকেল সেন্টার থাকলেও সেখানে চিকিৎসক না থাকায় তারা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। একই সঙ্গে জরুরি রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সুবিধা না থাকায় অসুস্থ শিক্ষার্থীদের বিকল্প যানবাহনে করে সদর হাসপাতালে নিতে হচ্ছে, যা ভোগান্তি আরও বাড়িয়ে তুলছে।

এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, “বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী ক্যাম্পাসে ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা থাকা উচিত। আমাদের মেডিকেল সেন্টার আছে, কিন্তু অজ্ঞাত কারণে এখানে এখনো কোনো ডাক্তার নিয়োগ দেওয়া হয়নি। কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ছুটতে হয়। অসুস্থদের জরুরি পরিবহনের জন্য নেই কোনো অ্যাম্বুলেন্স সেবা। আমরা চাই প্রশাসন আমাদের দিকেও নজর দিক। চিকিৎসাসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে যবিপ্রবির চিফ মেডিকেল অফিসার ডা. দীপক কুমার বলেন, “আমার চোখের অপারেশনের কারণে গত বুধবার পর্যন্ত আমি ছুটিতে ছিলাম। অপারেশনের পর অসুস্থতার কারণে আমি সব কিছু থেকে বিচ্ছিন্ন ছিলাম। তাই শিক্ষার্থীদের এ অসুস্থতার বিষয়ে আমি অবগত নই। আমি খুব দ্রুতই এই বিষয়ে খোঁজ নিচ্ছি।”

এদিকে, চিফ মেডিকেল অফিসারের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত ডা. মাসুমা নুরজাহানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

একসঙ্গে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ক্যাম্পাসজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা দ্রুত চিকিৎসক নিয়োগ, স্বাস্থ্যসেবা জোরদার এবং জরুরি অ্যাম্বুলেন্স সুবিধা চালুর দাবি জানিয়েছেন।

Link copied!