শনিবার ১৩, জুন ২০২৬

শনিবার ১৩, জুন ২০২৬ -- : -- --

নোবিপ্রবি প্রেসক্লাবের ফলচক্র অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৫:২৯ পিএম

নোবিপ্রবি প্রেসক্লাবের ফলচক্র

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাংবাদিক সংগঠন নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ‘মধুমাসের সুবাসে, মেতে উঠি উল্লাসে’ প্রতিপাদ্যে ফলচক্র অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, প্রেসক্লাবের উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে নোবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদ খান বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি পারস্পরিক সম্পর্ক ও ইতিবাচক যোগাযোগেরও একটি মাধ্যম। ফলচক্রের মতো আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

প্রেসক্লাবের সভাপতি সাদমান রাকিন বলেন, মধুমাসের দেশীয় ফল বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন শিক্ষক, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রেসক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “বাংলার ঋতুবৈচিত্র্য ও মধুমাসের ফল দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীরা বিভিন্ন মৌসুমি ফল উপভোগ করেন এবং মতবিনিময়ে অংশ নেন। শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Link copied!