প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১১:৫১ পিএম
আগামী ১ জুলাই থেকে দেশের সব ব্যবসাপ্রতিষ্ঠানে ডিজিটাল লেনদেনের জন্য বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হবে। এই উদ্যোগের মাধ্যমে দেশের পেমেন্ট ব্যবস্থা আরও সহজ, দ্রুত এবং নিরাপদ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
ব্যবসায়ী ও গ্রাহকদের জন্য লেনদেন প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করতে এবং দৈনন্দিন অর্থনৈতিক কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে এই ব্যবস্থা চালু করা হচ্ছে।
এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রদানকারী ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের মতে, বাংলা কিউআর-এর ব্যাপক ব্যবহার দেশে একটি সমন্বিত ও দ্রুতগতির ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলবে। এতে নগদ অর্থের ওপর নির্ভরতা কমে আসবে এবং দেশকে ধীরে ধীরে ক্যাশলেস সমাজের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।
এছাড়া, একক কিউআর মানদণ্ড চালুর ফলে বিভিন্ন আর্থিক প্ল্যাটফর্মের মধ্যে আন্তঃসংযোগ আরও সহজ হবে, যার ফলে ব্যবহারকারীরা আরও নির্বিঘ্নে লেনদেন সম্পন্ন করতে পারবেন।
