প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৮:৩৯ এএম
মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় আমগাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে তাসনুভা ফিলিং স্টেশন চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল হোসেন ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে। তিনি তাসনুভা ফিলিং স্টেশনে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আম গাছে ব্রাজিলের পতাকা টাঙানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন গণমাধ্যমকে জানান, বিকেলে ফিলিং স্টেশনের একটি আমগাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল আহত হয়। পরে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
