প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১০:০২ পিএম
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর টেক্সটাইল ফুটবল দলের শিরোপা জয়ের স্বপ্ন ফাইনালে এসে থেমেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপক্ষে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত হয়ে ‘ন্যাশনাল টেক্সটাইল ফুটবল চ্যাম্পিয়নশিপ (এনটিএফসি) ২০২৬, সিজন-১’-এর রানার্স-আপ হয়েছে নিটার।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং টেক্সটাইল ট্রেন্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে নিটার। উদ্বোধনী ম্যাচে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর ধারাবাহিক ভালো খেলায় ফাইনালে জায়গা করে নেয় দলটি।
শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াকু ফুটবল খেললেও শেষ পর্যন্ত স্বাগতিক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছে ৩-১ গোলে পরাজয় বরণ করতে হয় নিটারকে। ফলে প্রথম আসরের শিরোপা জিতে নেয় ড্যাফোডিল, আর রানার্স-আপ হিসেবেই টুর্নামেন্ট শেষ করে নিটার।
তবে ট্রফি জয় করতে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে নিটারের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। খেলোয়াড়দের আত্মনিবেদন, দলীয় সমন্বয় এবং প্রতিযোগিতামূলক মানসিকতা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে।
টুর্নামেন্ট শেষে নিটার টেক্সটাইল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, “ন্যাশনাল টেক্সটাইল ফুটবল চ্যাম্পিয়নশিপ সিজন-১-এ আমাদের যাত্রা রানার্স-আপ হিসেবে শেষ হয়েছে। এবার ট্রফি জিততে না পারলেও এটি শেষ নয়; বরং আরও বড় অর্জনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।”
দেশের বিভিন্ন স্বনামধন্য টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রানার্স-আপ হওয়ার মধ্য দিয়ে নিজেদের সামর্থ্যের স্বাক্ষর রেখেছে নিটার। আগামী আসরে আরও শক্তিশালীভাবে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির খেলোয়াড় ও সমর্থকরা।
