প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ১০:১৯ পিএম
আন্তর্জাতিক বাজারে ডলারের মান দুর্বল হওয়া এবং জ্বালানি তেলের দামে পতনের প্রভাবে স্বর্ণের দাম বেড়েছে। মঙ্গলবার (৯ জুন) বাজারে এই পরিবর্তন লক্ষ্য করা যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৩৩৮ ডলার ৬৯ সেন্টে। একই সময়ে যুক্তরাষ্ট্রে আগস্ট ডেলিভারির স্বর্ণ ফিউচার বাজার স্থিতিশীল ছিল, যার দাম ছিল ৪ হাজার ৩৬৩ ডলার ৯০ সেন্ট।
বাজার বিশ্লেষকদের মতে, ডলার সূচকে ০.৩ শতাংশ পতন ঘটায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কিছুটা সাশ্রয়ী হয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে চাহিদা সামান্য বাড়ে, যা দামের এই ঊর্ধ্বগতিতে ভূমিকা রাখে।
ফরেক্স ডটকমের বিশ্লেষক ফাওয়াদ রাজারকাদা বলেন, সাম্প্রতিক সময়ে তেলের দামে দুর্বলতা এবং আগের দরপতনের পর স্বর্ণবাজারে একটি ‘কারেকশন রিকভারি’ দেখা যাচ্ছে, যা মূলত শর্ট-কভারিংয়ের ফল।
এদিকে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকের দিকে। চলতি সপ্তাহে প্রকাশিত হবে মে মাসের কনজ্যুমার প্রাইস ইনডেক্স (CPI) এবং প্রোডিউসার প্রাইস ইনডেক্স (PPI), যা ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদহার নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হলে স্বর্ণের ওপর চাপ বাড়তে পারে। তবে বছরের শেষ দিকে সুদের হার স্থিতিশীল থাকলে আবারও স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিতে পারে।
অন্যদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট রুপার দাম ০.৭ শতাংশ, প্লাটিনামের দাম ১.৪ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ৩.৮ শতাংশ পর্যন্ত বেড়েছে।
