বুধবার ১০, জুন ২০২৬

বুধবার ১০, জুন ২০২৬ -- : -- --

শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড ফিলিপাইন, বাড়ছে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৮:৫৮ এএম

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। 

দুর্গত উপকূলীয় এলাকা ও বিভিন্ন জনপদে উদ্ধারকর্মীরা পৌঁছানোর পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করেছে। কর্তৃপক্ষের আশঙ্কা, ধ্বংসস্তূপে আরও মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে আহতের সংখ্যা ৪৮৭ জন বলে জানানো হয়েছে।

সোমবার সকালে সংঘটিত এ ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে। বিভিন্ন স্থানে সড়কে ফাটল দেখা দিয়েছে এবং বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সেবা এখনো স্বাভাবিক হয়নি।

জার্মানির রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৮। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করা হলেও পরিস্থিতি মূল্যায়নের পর তা প্রত্যাহার করা হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার নিচে।

এদিকে প্রতিবেশী ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় শহর মানাদোতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

উল্লেখ্য, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া দুই দেশই ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। এগুলো ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ এর অন্তর্ভুক্ত, যা দক্ষিণ আমেরিকা থেকে রাশিয়ার দূরপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প ও আগ্নেয়গিরিপ্রবণ এলাকা।

তথ্যসূত্র: বিবিসি ও রয়টার্স

Link copied!