প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৪:৩০ পিএম
কোরবানি ঈদের ছুটিকে শুধুমাত্র বিনোদন বা বিশ্রামের সময় না ভেবে শিক্ষার্থীদের নৈতিক ও শারীরিক-মানসিক বিকাশে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে রাঙ্গামাটি আইটি স্কুল। আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা প্রতিষ্ঠানের এই ব্যতিক্রমী সিদ্ধান্তে ছুটির সময়কে “স্ক্রিন-ফ্রি” জীবনযাপনের মাধ্যমে গঠনমূলক অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকাশিত এক নোটিশে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন শিক্ষার্থীরা মোবাইল আসক্তি থেকে দূরে থেকে দৈনন্দিন কিছু ইতিবাচক অভ্যাস অনুসরণ করে।
নোটিশে উল্লেখিত নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে— প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ধর্মীয় প্রার্থনা, পরিবারের সঙ্গে মোবাইলবিহীন সময় কাটিয়ে গল্প-আড্ডায় অংশগ্রহণ, প্রতিদিন অন্তত ১৫ মিনিট হাতের লেখা অনুশীলন, মোবাইল ছাড়া খেলাধুলা, এবং দৈনন্দিন জীবনে “ধন্যবাদ”, “দয়া করে”, “মাফ করবেন” ইত্যাদি সৌজন্যমূলক শব্দের ব্যবহার নিশ্চিত করা। এছাড়া রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করার অভ্যাস গড়ে তোলার কথাও বলা হয়েছে।
স্কুলের এই উদ্যোগকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী হিসেবে দেখছেন অভিভাবক ও সচেতন মহল। তাদের মতে, শিশু-কিশোরদের মধ্যে অতিরিক্ত মোবাইল নির্ভরতা ক্রমেই বাড়ছে, যা তাদের সামাজিক ও পারিবারিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
নোটিশে আরও বলা হয়েছে, “উপরোক্ত বিষয়গুলো বাস্তবায়নে সম্মানিত অভিভাবকদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।”
শিক্ষাবিদরা মনে করছেন, এ ধরনের স্ক্রিন-ফ্রি কর্মসূচি শিশুদের মধ্যে শৃঙ্খলা, পারিবারিক বন্ধন, কৃতজ্ঞতা এবং আচরণগত উন্নয়ন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ঈদের ছুটি শেষে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং কিছু মৌলিক মানবিক ও জীবনঘনিষ্ঠ অভ্যাস নিয়েও ফিরে আসবে— এমনটাই প্রত্যাশা রাঙ্গামাটি আইটি স্কুলের।
