প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৪:৪৯ পিএম
টেক্সটাইল খাতের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত সংযোগ বৃদ্ধি এবং শিল্পখাতের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল ২.৬’। টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির উদ্যোগে আগামী ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা-এ দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
ষষ্ঠবারের মতো আয়োজিত হতে যাওয়া এ কার্নিভালটি টেক্সটাইল খাতের শিক্ষার্থী ও উদীয়মান পেশাজীবীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনে করছেন আয়োজকরা। অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীরা শিল্পখাতের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও পরামর্শ গ্রহণের পাশাপাশি নিজেদের দক্ষতা মূল্যায়ন ও উন্নয়নের সুযোগ পাবেন।
মাত্র ৮০০ টাকা রেজিস্ট্রেশন ফি-এর বিনিময়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে পেশাগত নেটওয়ার্কিংয়ের সুযোগ, শিল্প বিশেষজ্ঞদের দিকনির্দেশনামূলক সেশন, সিভি বুথ ও মক ইন্টারভিউ, ক্রিয়েটিভ এক্সিবিশন, আকর্ষণীয় ফ্যাশন শো এবং অংশগ্রহণ সনদপত্র।
এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, বিভিন্ন উপহার সামগ্রী এবং লটারি ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ রাখা হয়েছে। অংশগ্রহণকারীদের সুবিধার কথা বিবেচনা করে আয়োজকদের পক্ষ থেকে সকালের নাশতা, দুপুরের খাবার এবং স্ন্যাকসের ব্যবস্থাও রাখা হয়েছে। নিবন্ধনের জন্য নিম্নোক্ত লিঙ্কে প্রবেশ করুন: https://bit.ly/4vc1zNn
আয়োজকরা আগ্রহী অংশগ্রহণকারীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
