বুধবার ২৭, মে ২০২৬

বুধবার ২৭, মে ২০২৬ -- : -- --

শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই, বদলাবে শিক্ষার চিত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৯:০৫ এএম

প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মার্ট ক্লাসরুম ও ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কার্যক্রম চালু, ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনার কথা জানানো হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন লিখিত বক্তব্য পাঠ করেন। সেখানে শিক্ষা ও প্রযুক্তি খাতের উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে প্রযুক্তিভিত্তিক পাঠদান নিশ্চিত করতে স্মার্ট ক্লাসরুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষাব্যবস্থার সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যেও মিড-ডে মিল কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানানো হয়। পাশাপাশি ভর্তি ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নীতিগত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

সরকার জানিয়েছে, কর্মসংস্থানমুখী দক্ষতা তৈরিতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী আধুনিক পাঠ্যক্রম প্রণয়নের কাজ চলছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ গঠনের বিষয়েও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রযুক্তিনির্ভর ও আনন্দময় শিক্ষাব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে দক্ষ, মানবিক ও ভবিষ্যৎ উপযোগী নাগরিক গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য।

Link copied!