রবিবার ২৪, মে ২০২৬

রবিবার ২৪, মে ২০২৬ -- : -- --

জাল সনদে চাকরি, ২৪ কলেজশিক্ষককে মাউশির শোকজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৭:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

জাল সনদের মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগে ২৪ জন কলেজশিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে তাদের সনদ ভুয়া বলে প্রমাণিত হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের এমপিও সুবিধা বাতিল, নেওয়া বেতন-ভাতার অর্থ ফেরত আদায় এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও চলছে।

রোববার (২৪ মে) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে এ তথ্য জানানো হয়। যদিও আদেশে স্বাক্ষরের তারিখ উল্লেখ রয়েছে শনিবার (২৩ মে)। এতে স্বাক্ষর করেন মাউশির বেসরকারি কলেজ শাখা-৩-এর সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন।

আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে জাল বা ভুয়া সনদধারী ৮৫ জন শিক্ষকের একটি তালিকা পাঠানো হয়েছে। এনটিআরসিএর যাচাই শেষে দেখা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ওই ৮৫ জনের মধ্যে ২৪ জন কলেজপর্যায়ের এবং ৬১ জন স্কুলপর্যায়ের শিক্ষক জাল প্রত্যয়নপত্র ব্যবহার করেছেন।

এতে আরও বলা হয়, তালিকাভুক্ত ভুয়া সনদধারীদের এমপিও বাতিলের পাশাপাশি তাদের নেওয়া সরকারি অর্থ ফেরত আদায় এবং মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব পদক্ষেপ সম্পর্কে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে অবহিত করার কথাও উল্লেখ করা হয়েছে।

জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর ১৮.১(ঙ) অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের এমপিও স্থগিত বা বাতিল করা হবে না এবং কেন গভর্নিং বডির মাধ্যমে তাদের নিয়োগ বাতিল করা হবে না। নোটিশ পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাউশিতে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।

Link copied!