প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৩:৪৩ পিএম
সমাজসেবা ও শিক্ষার প্রসারে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও শিক্ষা বিষয়ে উৎসাহমূলক সেবামূলক কর্মসূচির আয়োজন করেছে।
বুধবার (২১ মে) ধনুয়াইশ মদিনাতুল নুরানী মাদরাসা ও এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ৭০ জনের অধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, স্বপ্ন গঠন এবং শিক্ষার মাধ্যমে আত্মউন্নয়নে উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি-এর সদস্যবৃন্দ ও ক্লাবের অ্যাডভাইজর লায়ন জাকারিয়া। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা ও উৎসাহ প্রদান মানবিক ও টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে ক্লাবটি।
সভাপতি সফিকুল ইসলাম বলেন, “আমরা বিশ্বাস করি, শিক্ষাই সমাজ পরিবর্তনের সবচেয়ে কার্যকর মাধ্যম। সমাজের প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমাদের এই ছোট প্রয়াস শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় কিছুটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। আগামী দিনেও লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।”
