প্রকাশিত: ২২ মে ২০২৬, ১২:২১ এএম
শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কুমিল্লার গভর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে “কুইজ ও রাসায়নিক বিক্রিয়া প্রদর্শনী” আয়োজন করেছে আমেরিকান কেমিক্যাল সোসাইটি (এসিএস) স্টুডেন্টস চ্যাপ্টার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।বৃহস্পতিবার (২১ মে) গভর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চ্যাপ্টারের সাধারণ সম্পাদক নাজমুন নাহার রেশমি বলেন, “আমাদের আধুনিক জগতে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। তাই রসায়ন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিজ্ঞানের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের আজকের আয়োজন।”
সহকারী প্রধান শিক্ষক শাহীন কাজী বলেন, “এসিএস স্টুডেন্টস চ্যাপ্টার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই কুইজ ও রাসায়নিক বিক্রিয়া প্রদর্শনী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বিশেষ করে রাসায়নিক বিক্রিয়ার প্রদর্শনী শিক্ষার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছে। আশা করি, এসিএস চ্যাপ্টার ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করতে ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে চ্যাপ্টারের সভাপতি মো. রায়হান সরকার বলেন, “এই চ্যাপ্টার মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চতর জ্ঞান ও বিভিন্ন দক্ষতা বৃদ্ধিতে কাজ করে। পাশাপাশি আমরা চাই এসিএস চ্যাপ্টারের সহযোগিতায় স্কুল-কলেজের শিক্ষার্থীরাও বিজ্ঞান বিষয়ে আগ্রহী হয়ে উঠুক, যা তাদের পড়াশোনায় মনোযোগী হওয়া ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার আকর্ষণীয় প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।
