রবিবার ২৪, মে ২০২৬

রবিবার ২৪, মে ২০২৬ -- : -- --

শিশু রামিসা হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৭:৩৭ পিএম

মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস)

শিশু রামিসা হত্যাসহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের ঘটনার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস)।

রোববার (২৪ মে) সকালে শহরের চৌমুহনা চত্বরে আয়োজিত এ সমাবেশে স্থানীয় আলেম, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা প্রতীকী ধর্ষকের প্রতিকৃতিতে জুতা ও থুথু নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তারা নারী ও শিশু নির্যাতনকে ‘জাতীয় জরুরি ইস্যু’ ঘোষণা এবং ধর্ষণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের দাবি জানান।

বিআইএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব বলেন, “প্রতিটি ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভুক্তভোগীদের নিরাপত্তা ও ক্ষতিপূরণের ব্যবস্থাও রাখতে হবে।”

বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব অপরাধ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।

সমাবেশ থেকে অবিলম্বে অপরাধীদের গ্রেফতার, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার নিষ্পত্তি এবং ভুক্তভোগী পরিবারকে রাষ্ট্রীয় সহায়তা দেওয়ার দাবি জানানো হয়।

Link copied!