রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি
প্রকাশিত: ২২ মে ২০২৬, ১১:১১ এএম
শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে বিশেষ ফ্রি বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশের বিভিন্ন বিভাগীয় শহরে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে আজ ২২ মে সকাল ৮.০০ টায় নির্ধারিত রুটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের নিজস্ব বাস শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিভাগের উদ্দেশ্য ৯ টি বাস ছেড়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন রুটে বাস পরিচালনা করা হচ্ছে। বাসে ভ্রমণের ক্ষেত্রে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শন করে বাসে যেতে পারবেন বলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বরাতে জানা যায়।
ঈদযাত্রায় অতিরিক্ত ভোগান্তি কমানো এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, “শিক্ষার্থীরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে পরিবারের কাছে ফিরতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ঈদ আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণ করে আসছে। এই বিশেষ বাস সার্ভিস তারই অংশ।”
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, “প্রতিটি রুটে শিক্ষার্থীদের সুবিধা ও চাহিদা বিবেচনা করেই বাসের সময়সূচি ও গন্তব্য নির্ধারণ করা হয়েছে। আমরা চেষ্টা করেছি যেন যাত্রাপথে শিক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়।”
জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান বলেন, “অনেক শিক্ষার্থী আর্থিক ও পরিবহন সংকটের কারণে ঈদযাত্রায় সমস্যায় পড়েন। শিক্ষার্থীদের কথা চিন্তা করেই আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করেছি। আশা করছি শিক্ষার্থীরা উপকৃত হবে।”
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যা হলো যাতায়াত ও আবাসন সংকট। ঈদে বিশেষ বাস সার্ভিস চালু শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক সাধারণ শিক্ষার্থী বলেন, “ঈদের সময় বাস-ট্রেনের টিকিট পাওয়া খুব কঠিন হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ আমাদের জন্য অনেক সহায়ক হবে। নিরাপদে ও কম খরচে বাড়ি যেতে পারবো।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে শিক্ষার্থীরা ইতিবাচকভাবে দেখছেন। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।