বৃহস্পতিবার ২১, মে ২০২৬

বৃহস্পতিবার ২১, মে ২০২৬ -- : -- --

রামিসা হত্যা ও ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন 

নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু

প্রকাশিত: ২১ মে ২০২৬, ০২:৩৯ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীদের আয়োজিত এই মানববন্ধনে নোবিপ্রবি ছাত্রদল ও ছাত্রশিবির একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ধর্ষণের বিচার ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।মানববন্ধনে শিক্ষার্থীরা “উই ওয়ান্ট জাস্টিস”,“আছিয়া থেকে রামিসা কোর্ট কাছারি সব মিছা”,“ধর্ষকদের ফাঁসি চাই”সহ বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান।

কর্মসূচিতে বক্তব্য দিয়ে নোবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও আন্দোলনের সঙ্গে তারা অতীতেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে ক্যাম্পাসের খাদিজা হল সংশ্লিষ্ট অভিযোগের বিষয়েও তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নোবিপ্রবি ছাত্রশিবিরের অফিস সম্পাদক বক্তব্যে বলেন, দেশে শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে এবং এসব ঘটনায় দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করা প্রয়োজন। তিনি অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ সময় সাংস্কৃতিক সংগঠন ‘শব্দ কুটির’এর সভাপতি মুজতবা ফয়সাল বলেন, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অনেক ক্ষেত্রে অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। তিনি দ্রুত বিচার নিশ্চিতের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি অতীতে অ্যাসিড নিক্ষেপ প্রতিরোধে দ্রুত বিচার ব্যবস্থার উদাহরণ তুলে ধরে বলেন, একই ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করলে শিশু ও নারী নির্যাতনের মতো অপরাধও নিয়ন্ত্রণে আনা সম্ভব।

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি পুনর্ব্যক্ত করেন।

Link copied!