শনিবার ১৬, মে ২০২৬

শনিবার ১৬, মে ২০২৬ -- : -- --

চুয়েট আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী

চুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৬:১৩ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম-৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হুমাম কাদের চৌধুরী বলেছেন, তরুণদের নিয়ে বর্তমান সরকার অনেক কাজ করছে। যে কষ্টটা আমাদের প্রজন্ম করছে, আমাদের পরের প্রজন্মকে যেন সে কষ্টটা করতে না হয়। চুয়েট এর একজন ছাত্র বাংলাদেশের মধ্যে সবচেয়ে সফল ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত পেয়েছে শুনলে আমি সবচেয়ে গর্বিত হবো। কারণ এই এলাকার সন্তান আমি, এই চুয়েটসহ আরো অনেক প্রতিষ্ঠান স্থাপনে আমাদের পরিবারের অবদান রয়েছে। তিনি আরও বলেন, প্রচলিত রাজনৈতিক সংশ্লিষ্টতার চেয়ে মেধাবী প্রজন্ম হিসেবে নিজেদের তৈরি করার কাজকে আমি প্রাধান্য দিই, নতুন প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

গতকাল ১৫ মে (শুক্রবার) ২০২৬ বিকালে চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত চুয়েট আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম। এতে ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের ছাত্র আশফাকুর রহমান এবং ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের ছাত্রী উম্মে হাবিবা। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়েটের উপ—পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান।

এর আগে চুয়েটের সিন্ডিকেট কক্ষে প্রধান অতিথির সাথে মাননীয় উপাচার্য, ডিনবৃন্দ, রেজিস্ট্রার, ছাত্রকল্যাণ পরিচালক এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
উল্লেখ্য, চূড়ান্ত খেলায় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রথমে ব্যাটিং করে ১০ উইকেটে ৫৯ রান সংগ্রহ করে, জবাবে ৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ বিনা উইকেটে ৬৩ রান সংগ্রহ করে এবং ১০ উইকেটে জয়ী হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র নাসিম রহমান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ করেন (১৯১ রান) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাত্র নাসিম রহমান এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন (৯ উইকেট) পুরকৌশল বিভাগের ছাত্র জান্নাতুল নাইম।

Link copied!