আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম
বুধবার ২৯, এপ্রিল ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয় প্রশাসন একযোগে ৯টি বিভাগে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের কেমিক্যাল সরবরাহ করেছে। একইসঙ্গে শিক্ষার্থীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারে নতুন আধুনিক সরঞ্জাম সংযোজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বিকেল ৩টায় তার দপ্তরে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের হাতে এসব কেমিক্যাল হস্তান্তর করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান উপস্থিত ছিলেন।
প্রথম ধাপে সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বোটানি, ফিশারিজ এবং এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগে ল্যাবরেটরি কার্যক্রম জোরদারের লক্ষ্যে এসব কেমিক্যাল সরবরাহ করা হয়। পরবর্তীতে অন্যান্য বিভাগেও প্রয়োজনীয় গবেষণা উপকরণ সরবরাহ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার গুণগত মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অন্যদিকে, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা উন্নত করতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে আধুনিক প্যাথোলজি সরঞ্জাম সংযোজন করা হয়েছে। বিকেল ৪টায় উপাচার্য নতুন প্যাথোলজি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
এই উদ্যোগের ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মেডিকেল সেন্টারে আরও উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।