সোমবার ২৭, এপ্রিল ২০২৬

সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --

র‍্যাঙ্কিংয়ে সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যবিপ্রবি

ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ বাংলাদেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

গত ২৩ এপ্রিল প্রকাশিত এই র‍্যাঙ্কিং অনুযায়ী, যবিপ্রবি এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪০১–৫০০ ব্যান্ডে অবস্থান করছে। একই ব্যান্ডে থাকা চারটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে একমাত্র যবিপ্রবি স্থান পেয়েছে।

এই ব্যান্ডে থাকা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

অন্যদিকে ৩০১–৩৫০ ব্যান্ডে দেশের শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

THE-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে যবিপ্রবি যৌথভাবে পঞ্চম অবস্থানে রয়েছে।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এই অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন“এই মর্যাদাপূর্ণ অবস্থান অর্জনে সংশ্লিষ্ট সকল শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানাই।”

তিনি আরও বলেন, গবেষণা ও প্রকাশনার পাশাপাশি দেশের উন্নয়ন ও সংকট মোকাবিলায় কার্যকর গবেষণা বাড়ানোই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য।

টাইমস হায়ার এডুকেশন বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে, যেমন,

শিক্ষাদান (Teaching),গবেষণা পরিবেশ (Research Environment),গবেষণার মান (Research Quality),শিল্পখাতে সংযুক্তি (Industry Income),আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি (International Outlook)

বিশেষজ্ঞদের মতে, যবিপ্রবির এই অর্জন দেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

Link copied!