সোমবার ২৭, এপ্রিল ২০২৬

সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --

কুয়েটে জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’

কুয়েট প্রতিনিধি।

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০২:০১ পিএম

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টিভ্যালের শুভ সূচনা করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ

“ইগনাইট ইয়োর পটেনশিয়াল” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’।

২৩ এপ্রিল থেকে শুরু হওয়া এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টিভ্যালের শুভ সূচনা করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, কো-কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলীসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা।
আয়োজনের সার্বিক সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন শিক্ষার্থী আওরঙ্গ আলিফ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনের এক শক্তিশালী ভিত্তি। এ ধরনের আয়োজন তরুণ প্রকৌশলীদের সম্ভাবনা জাগিয়ে তোলে এবং শিল্পখাতের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়ক ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, কুয়েট সবসময় গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আসছে এবং এই ফেস্টিভ্যাল শিক্ষার্থীদের জন্য জ্ঞান বিনিময় ও সৃজনশীলতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তিন দিনব্যাপী এ ফেস্টিভ্যালে দেশের ২২টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এবারের আয়োজনে প্রায় ৬ লাখ টাকার আকর্ষণীয় প্রাইজপুল রাখা হয়েছে, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

ফেস্টিভ্যালের বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে রয়েছে,লাইন ফলোয়ার রোবট, সকার বট, বিজনেস কেস স্টাডি, অ্যাড-মেকিং, ক্যাড কনটেস্ট, প্রজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিট থিসিস, মেকানিক্স অলিম্পিয়াড, অটোমোবাইল অলিম্পিয়াড, কন্টেন্ট রাইটিং এবং গেমিং কনটেস্ট।

আগামী ২৫ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।আয়োজকদের প্রত্যাশা, ‘ইগনিশন-২০২৬’ দেশের প্রকৌশল শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক মাইলফলক হয়ে উঠবে।

Link copied!