প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৫ পিএম
ঢাকার মেরাদিয়া বনশ্রী এলাকার ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান আল নিনাদ (৮) হত্যা মামলায় তার নানা (মায়ের মামা) জহিরুল ইসলাম ওরফে লুড্ডু এবং লুড্ডুর স্ত্রী মোছা. খাদিজা আক্তার রাণীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৭ এপ্রিল) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এর মধ্যে ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে এবং অবশিষ্ট অর্থ ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জানান, রায় ঘোষণার সময় জামিনে থাকা দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৫ জুন রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় নিনাদ। পরদিন ঈদের দিন দুপুরে বাড়ির পাশের একটি বেকারির পণ্যবাহী ভ্যানগাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনই খিলগাঁও থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিনাদের বাবা স্বপন বেপারী।
প্রথমে থানা পুলিশ, পরে ডিবি, পিবিআই এবং সর্বশেষ সিআইডি এ মামলার তদন্ত করে। তদন্তে উঠে আসে, নিনাদের মাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে লুড্ডু ও রাণী শিশুটিকে হত্যা করেন।
মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৮ জুন সিআইডির পরিদর্শক মাইনুল ইসলাম দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে ২০২২ সালের ২২ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
বিচার চলাকালে আদালত মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
